কাশ্মীরে হামলার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ চেয়েছে পাকিস্তান
কাশ্মীর হামলার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ চেয়ে ঘটনা তদন্তে নয়াদিল্লিকে সব ধরনের সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পুলওয়ামা হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে ভারতকে সহযোগিতা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। তবে পাকিস্তানের প্রতি চোখ রাঙানোর মতো দুঃসাহস আর না দেখাতে ভারতকে সতর্ক করে দিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। এদিকে, ভারতের অব্যাহত হুমকির প্রতিবাদে পাকিস্তানে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ই ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ৪৪ সদস্য নিহত হওয়া পর থেকেই চলছিল নয়াদিল্লী এবং ইসলামাবাদের মধ্যে বাকযুদ্ধ। তবে এই উত্তেজনার মধ্যেই কিছুটা নমনীয় হলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার বিকেলে এক বিবৃতিতে তিনি বলেন, তথ্য দিলে কাশ্মীর হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত ইসলামাবাদ। একইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে, শান্তি স্থাপনেও ভারতের কাছে সুযোগ চান তিনি।
প্রধানমন্ত্রী ইমরান খান শান্তির ডাক দিলেও ভারতকে কড়া ভাষায় সতর্ক করেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি। বৃহস্পতিবার করাচিতে এক অনুষ্ঠানে তিনি চোখ রাঙিয়ে কথা না বলার জন্য ভারতকে সতর্ক করেন। একইসঙ্গে জানান, পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় দেশটির সামরিক বাহিনী, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ একসঙ্গে কাজ করবে।পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেন, 'পাকিস্তান শান্তিপ্রিয় জাতি। কিন্তু কোন অবস্থাতেই ভারতের উস্কানি মেনে নেবে না ইসলামাবাদ। ভারতকে মোক্ষম জবাব দেওয়ার মতো পাকিস্তানের যথেষ্ট সমর্থ আছে। কাশ্মীরের সাধারণ মানুষ তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করে আসছে। সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে জড়িয়ে দেয়া বক্তব্য কোনো ভাবেই আমরা মেনে নেবো না।'
এদিকে ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর, পাকিস্তানকে হুমকি দেওয়ার প্রতিবাদে করাচীতে বিক্ষোভ করেছেন কয়েকশ মানুষ। তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন। ভারতের যেকোন হামলার সমুচিত জবাব দেওয়ার জন্যও তারা পাক সরকারের প্রতি আহ্বান জানান।

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.