সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকরে রুল জারি
‘সড়ক পরিবহন আইন-২০১৮’ কার্যকরে গেজেট প্রকাশ করতে রুল জারি করেছেন হাইকোর্ট।রোববার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।দুই সপ্তাহের মধ্যে কেবিনেট সচিব, রাষ্ট্রপতি সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রী সচিবালয়ের সচিব, জনপ্রশাসন সচিব, লেজিসলেটিভ বিভাগের সচিব, সংসদবিষয়ক সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।রিটের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ জানান, সড়ক পরিবহন আইন-২০১৮’ কার্যকর করতে গেজেট প্রকাশে বিবাদীদের ব্যর্থতা/নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং আইন কার্যকর করতে গেজেট প্রকাশে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
গত মঙ্গলবার এ রিট করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে ভারপ্রাপ্ত সেক্রেটারি আইনজীবী সরওয়ার আহাদ চৌধুরী, সুপ্রিমকোর্টের আইনজীবী একলাস উদ্দিন ভূঁইয়া ও আইনজীবী রিপন বাড়ৈ।এর আগে গত ১০ এপ্রিল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ কার্যকর করতে সাত দিনের মধ্যে গেজেট প্রকাশের জন্য সরকারের আট সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল।

Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.