রাজশাহী-ঢাকা রুটে বনলতার উদ্বোধন আজ

রাজশাহী-ঢাকা রুটে বিরতিহীন আন্তঃনগর এক্সপ্রেস বনলতার উদ্বোধন আজ বৃহস্পতিবার। উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।বুধবার রেলকর্মীরা রাজশাহী স্টেশনে ফুল ও বিভিন্ন রঙের পাতলা কাপড় দিয়ে ট্রেনটি সাজিয়েছে।এর আগে মঙ্গলবার রাতে বহুল প্রত্যাশিত বনলতা আন্তঃনগর এক্সপ্রেসকে ঈশ্বরদী রেলস্টেশন থেকে রাজশাহীতে আনা হয়। ট্রেনটি রাজশাহী রেলস্টেশনের তিন নম্বর প্লাটফর্মে রাখা হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রথম দিন ট্রেনটিতে ভ্রমণে কোনো টিকিট লাগবে না বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) খোন্দকার শহিদুল ইসলাম জানান, উদ্বোধনের সব প্রস্তুতি শেষ। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহীতে থাকবেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।পশ্চিমাঞ্চল রেলসূত্রে জানা গেছে, বনলতায় থাকছে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ১২টি নতুন কোচ।এর মধ্যে শোভন চেয়ারের কোচ ৭টি, এর আসন সংখ্যা ৬৬৪টি। এসি কোচ দুটি, আসন সংখ্যা ১৬০টি। একটি পাওয়ার কোচের আসন সংখ্যা ১৬টি। দুটি গার্ডব্রেকের আসন সংখ্যা ১০৮টি। মোট আসন সংখ্যা ৯৪৮টি।এদিকে বনলতার কোচ নতুন হলেও ইঞ্জিন পুরনো। ২০১৩ সালে ভারত থেকে আমদানি করা দুটি ইঞ্জিন দিয়ে চলাচল করবে ট্রেনটি। ঘণ্টায় ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ৯০ থেকে ৯৫ কিলোমিটার।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, ট্রেনটিতে সংযুক্ত রয়েছে উড়োজাহাজের মতো বায়োটয়লেট। এ কারণে মলমূত্র আর রেললাইনের ওপরে পড়বে না।ট্রেনটিতে থাকছে রিক্লেনার চেয়ার। আছে ওয়াইফাই সুবিধা। প্রতিটি কোচে রয়েছে এলইডি ডিসপ্লে। যার মাধ্যমে স্টেশন ও ভ্রমণের তথ্য প্রদর্শন করা হবে।কিন্তু থাকছে না শীতাতপ নিয়ন্ত্রিত কোনো ধরনের শ্লিপিং বার্থ। রেল বিভাগের ভাষ্য, যেহেতু ট্রেনটি দিনেরবেলা চলাচল করবে, সে কারণে শীতাতপ নিয়ন্ত্রিত বার্থের দরকার পড়ছে না আপাতত।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.